প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2026 ইং
নোয়াখালীতে র্যাব-৭ ও ডিএনসির যৌথ অভিযান: প্রায় ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী।
বুধবার (২৩ জুলাই) সেনবাগ থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এবং ডিএনসি (নোয়াখালী) যৌথভাবে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের জেলায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ মোটরসাইকেল এবং আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিস্তার রোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪